logo

মহাখালীতে বাসে আগুন, বনানীতে ককটেল বিস্ফোরণ

মহাখালীতে বাসে আগুন, বনানীতে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে বাসে আগুন দেওয়ার দৃশ্য। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর মহাখালীতে একটি বাসে আগুন এবং বনানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৮ নভেম্বর) দিবাগত ১২টা ৫৭ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসাইন জানান, খবর পাওয়ার পর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

এর আগে শনিবার রাত ১০টা ২০ মিনিটের দিকে বনানীর সেতু ভবনের গার্ডরুমের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে গার্ডরুমের কাচ ভেঙে যায়। খবর পেয়ে বনানী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ আলামত হিসেবে সংগ্রহ করে। এ সময় ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। সেটি নিষ্ক্রিয় করতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

বনানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুয়েল জানান, রাত ১০টা ২০ মিনিটের দিকে সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।