ডিএসসিসির তত্ত্বাবধায়ক আনিছুর রহমানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ, বগুড়ায় বদলি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিছুর রহমানের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, অনিয়ম ও অর্থ পাচারের বিভিন্ন গুরুতর অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে প্রশাসনিক কারণে তাকে ডিএসসিসি থেকে বগুড়া সিটি করপোরেশনে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক অফিস আদেশ ও প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব আশফিকুন নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, ডিএসসিসির যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিছুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন গুরুতর অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থ আত্মসাৎ, টেন্ডার বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের সুস্পষ্ট অভিযোগ রয়েছে।
এসব অভিযোগ তদন্তপূর্বক আগামী ১৫ কর্মদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত কাজে সার্বিক সহযোগিতার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।
এদিকে একই দিনে স্থানীয় সরকার বিভাগের অপর এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. রবিউল ইসলাম জানান, প্রশাসনিক কারণে ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মো. আনিছুর রহমানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বগুড়া সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হলো। শূন্য পদে অথবা সমপদে তার এই বদলি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আনিছুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অত্যন্ত গুরুতর হওয়ায় একই দিনে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন এবং ঢাকার বাইরে বদলির এই জোড়া সিদ্ধান্ত নেওয়া হলো।






