logo

মিরপুরে বিএনপি কর্মী গুলিবিদ্ধ

মিরপুরে বিএনপি কর্মী গুলিবিদ্ধ
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবী থানার মিল্লাত ক্যাম্প এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. আলমগীর হোসেন (৪৫) নামের এক বিএনপি কর্মী ও এক নারী পথচারী আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত আলমগীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

আলমগীর পেশায় মাছ ব্যবসায়ী। পাশাপাশি তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি মিরপুর-১১ এলাকার ৩ নম্বর সড়কের বি ব্লকের ১৭ নম্বর বাসায় বসবাস করেন। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আলমগীরকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আলমগীরের চাচা মোহাম্মদ আশিক দাবি করেন, বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১-এর মিল্লাত ক্যাম্প এলাকায় একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন আলমগীর। এ সময় একটি প্রাইভেটকারে করে আসা চার ব্যক্তি তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। তিনি অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় যুবলীগের রুবেল ও বাপ্পা নামে দুজন ছিলেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আশিক আরও বলেন, গুলিবিদ্ধ আলমগীরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে এবং ডান নিতম্বে গুলি লেগেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মিরপুর এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজন পুরুষ ও একজন নারীকে চিকিৎসার জন্য আনা হয়েছে। আলমগীরের অবস্থা আশঙ্কাজনক। অন্য আহত নারী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।