Advertisement

রামপুরায় ছাদ থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

এশিয়া পোস্ট প্রতিবেদক
রামপুরায় ছাদ থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর
ছবি: সংগৃহীত

রাজধানীর রামপুরায় একটি মাদরাসার বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ জাকারিয়া (১০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে পূর্ব রামপুরার পূর্ব কুঞ্জবন এলাকার মনোয়ারুল মাদরাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহত জাকারিয়ার বাবা বোরহান উদ্দিন জানান, তার ছেলে মনোয়ারুল মাদরাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল এবং মাদরাসার হোস্টেলেই থাকত। সোমবার সন্ধ্যায় মাদরাসার ৮ তলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে যায় বলে তারা জানতে পারেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা চিকিৎসাধীন রাখেন। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গলিয়োগ গ্রামে। তবে জাকারিয়া পূর্ব রামপুরার ওই মাদরাসার হোস্টেলে থেকে পড়াশোনা করত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।