logo
Advertisement

চালুর পরদিনই নারী বাসে যাত্রী সংকট

চালুর পরদিনই নারী বাসে যাত্রী সংকট
উদ্বোধনের পরদিন মহিলা বাসে যাত্রী সংকট। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীতে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াতের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চালু করা ‘নারী বাস’ সার্ভিস উদ্বোধনের পরদিনই দেখা গেছে যাত্রী সংকট।

Advertisement

বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে মতিঝিল বাস পয়েন্ট থেকে মিরপুর-১০ অভিমুখী দোতলা গোলাপি রঙের বাসটিতে যাত্রী ছিলেন হাতেগোনা কয়েকজন।

সরেজমিনে দেখা যায়, বাসটির ওপরের তলা পুরোপুরি ফাঁকা। নিচতলায় ছিলেন মাত্র দুজন নারী যাত্রী। মতিঝিল থেকে এলিফ্যান্ট রোড পর্যন্ত বাসটিতে ছিলেন দুজন যাত্রী। এরপর সায়েন্স ল্যাব মোড়ে একজন শিক্ষার্থী বাসটিতে ওঠেন। যাত্রী কম থাকায় বাসটি কিছু কিছু নির্ধারিত পয়েন্টে থামেনি।

একই সময়ে আবদুল্লাহপুর থেকে মতিঝিলগামী আরেকটি নারী বাসেরও একই চিত্র দেখা যায়। শাহবাগ মোড়ে বাসটির দেখা মেলে। বাসে উঠে দেখা যায়, সেখানে চার থেকে ছয়জনের মতো যাত্রী রয়েছেন।

ওই বাসের যাত্রী শিক্ষার্থী ফারহানা বলেন, প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর এই বাস পেয়েছি। সময়মতো বাস না পাওয়ায় যাত্রী সংখ্যা এত কম।

নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিআরটিসি বিশেষ এই বাস সার্ভিস চালু করেছে। তবে উদ্বোধনের পরদিনই বাসগুলোতে যাত্রী সংকটের চিত্র দেখা গেল।

অন্যদিকে একই সময়ে রাজধানীর অন্যান্য সাধারণ গণপরিবহনে নারীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। অনেক নারীকে বাসের গেটে ঝুলে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতেও দেখা যায়।

মহিলা বাসের যাত্রী সুলতানা বলেন, এই বাস এখনও সময়মতো পাওয়া যায় না। একটি বাস আসার পর আরেকটি বাস দুই ঘণ্টার মধ্যেও দেখা যায় না। তাই অনেকে বাধ্য হয়ে সাধারণ গণপরিবহনে উঠে যাচ্ছেন।

বাসের যাত্রী সংকটের বিষয়ে চালকের কাছে জানতে চাইলে তিনি বলেন, সকালে অফিস সময়ে যাত্রী বেশি ছিল। ধীরে ধীরে যাত্রীর সংখ্যা বাড়বে।