ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার

এশিয়া পোস্ট ডেস্ক
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুল হকের নেতৃত্বে রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এই অভিযানের তত্ত্বাবধানে ছিলেন গুলশান-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (গুলশান জোন) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

পুলিশ জানায়, মঙ্গলবার গুলশান থানার সিআর মামলা নং-৫৪৬/২২(সাজা) পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে গুলশান থানায় ৩টি, মতিঝিল থানায় ৯টি এবং ডিএমটি মোহাম্মদপুর থানায় ৯টি গ্রেপ্তারি পারোয়ানা মুলতবি রয়েছে। ঢাকা ছাড়াও সারা দেশে একাধিক মামলা রয়েছে মাসুকুর রহমানের নামে।

জানা যায়, আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ ডট শপের মাধ্যমে ৩৫৮ কোটি টাকা মানি লন্ডারিং হয়েছে। গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে ২০১৯ সালের ৩১ জুলাই থেকে ২০২১ সালের ১৭ আগস্ট পর্যন্ত তিন বছর ব্যবসা করেছে ই-অরেঞ্জ। ১০ থেকে ১৫ দিনের মধ্যে ‘ডাবল টাকা ভাউচার অফার’ দিয়ে তারা অস্বাভাবিক কম দামে মোটরসাইকেল, মুঠোফোন, রেফ্রিজারেটর, টেলিভিশন ইত্যাদি পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দেয়।

এ সময় প্রতিষ্ঠানটি ৩ লাখ ১৫ হাজার ৫৭০ জন গ্রাহকের কাছ থেকে সমপরিমাণ লেনদেনের মাধ্যমে ৯৫৭ কোটি টাকা সংগ্রহ করেছে। অগ্রিম টাকা দিয়েও অনেকে পণ্য পাননি। আর এসব লেনদেনের অর্থই মানি লন্ডারিং হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এসআই মাহফুজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, মাসুকুর রহমানের বিরুদ্ধে গুলশান থানায় গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি থাকায় গ্রেপ্তারি পরোয়ানা মূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে।