আশুরা উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা জারি

পবিত্র আশুরা উপলক্ষে আগামী শুক্রবার (২৬ জুন) রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মিছিলের নিরাপত্তা নিশ্চিত এবং জনশৃঙ্খলা বজায় রাখতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৩ জুন) এক বিজ্ঞপ্তিতে ডিএমপি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ মহররম ১৪৪৮ হিজরি (২৬ জুন) পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। অতীতে কিছু ব্যক্তি দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্রসদৃশ বস্তু নিয়ে মিছিলে অংশগ্রহণ করেছেন। এতে অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা নগরবাসীর মধ্যে আতঙ্ক ও ভীতির কারণ হওয়ার পাশাপাশি জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত।
ডিএমপি আরও জানায়, মহররম মাসে আশুরা উপলক্ষে অনেক সময় আতশবাজি ও পটকা ফোটানো হয়, যা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ এ ধরনের বস্তু বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, তাজিয়া মিছিল শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে।







