চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত রাফি মারা গেছেন

রাজধানীর কাফরুল এলাকায় আলোচিত চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সাজিদ চৌধুরী রাফি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২২ জুন) সকালে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৯ জুন রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার পথে সাজিদ চৌধুরী রাফিকে রাস্তায় আটকাতে চেষ্টা করেন কালু ও পারভেজ। একা দেখে তারা আটকাতে যায়। কালু তাকে আটকাতে ব্যর্থ হলে একটু সামনে অবস্থান নেওয়া পারভেজ বড় ইটের টুকরা দিয়ে তাকে মাথায় আঘাত করে। এতে মোটরসাইকেল থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রাফি।
এ ঘটনায় রাফির চাচা নুর হোসেন বাদী হয়ে কাফরুল থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছিলেন। প্রাথমিক তদন্ত ও পুলিশি তথ্যমতে, কোনো ছিনতাই নয়, বরং পূর্বশত্রুতা ও মাদক কারবারে বাধা দেওয়ার জেরে এ হামলা চালানো হয়।
পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে মো. পারভেজ, ফয়সাল ওরফে কালু ও আনোয়ার হোসেন বাবু নামের তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।







