উল্টো রথযাত্রায় ‘ছাতা বোমা’ উদ্ধারের ঘটনায় মামলা

রাজধানীর মতিঝিলে উল্টো রথযাত্রার পথ থেকে ছাতার ভেতরে রাখা বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিদের আসামি করে মতিঝিল থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা মোহাম্মদ মুক্তা।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ এশিয়া পোস্টকে বলেন, উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে উদ্ধার হওয়া বিস্ফোরক বস্তুটির ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এর সঙ্গে জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা উদঘাটনের চেষ্টা চলছে।
মামলার এজাহার থেকে জানা যায়, গত শুক্রবার (২৪ জুলাই) শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হওয়া উল্টো রথযাত্রার শোভাযাত্রা দৈনিক বাংলা মোড়, শাপলা চত্বর ও ইত্তেফাক মোড় হয়ে ওয়ারীর স্বামীবাগ আশ্রমে যাওয়ার কথা ছিল। বিকেল প্রায় ৪টার দিকে মেট্রোরেলের নিচে একটি পরিত্যক্ত ছাতার ভেতরে অস্বাভাবিক আলো জ্বলতে দেখে বিষয়টি পুলিশকে জানান ট্রাফিক মতিঝিল বিভাগের সার্জেন্ট মো. কাউসার হোসেন।
খবর পেয়ে মতিঝিল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি খয়েরি রঙের ছাতার ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পায়। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে এলাকা ঘিরে ফেলা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে আতঙ্ক এড়াতে ঘটনাস্থলে বিদ্যুতের ত্রুটির কথা জানিয়ে তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
পরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করে। এরপর ঘটনাস্থল থেকে ছাতার পোড়া কাপড়, ব্যাটারির অংশ, বিয়ারিং বল, জিআই পাইপের খণ্ডসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
এজাহারে আরও বলা হয়েছে, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে জনসমাগমপূর্ণ এলাকায় বিস্ফোরক বস্তু রেখে জননিরাপত্তা বিপন্ন করার চেষ্টা করেছে। পাশাপাশি জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও আনা হয়েছে।
পুলিশের ধারণা, উদ্ধার হওয়া বস্তুটি দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হতে পারে। তবে এর প্রকৃতি ও কার্যক্ষমতা সম্পর্কে নিশ্চিত হতে আলামত পরীক্ষার জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।
.png)






