অনিরাপদ ড্রামে ভোজ্যতেল, ২০৪ লিটার ধ্বংস করল ভোক্তা অধিদপ্তর

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অস্বাস্থ্যকর ও অনিরাপদ ড্রামে খোলা ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর মধ্যে একটি প্রতিষ্ঠানে ইউরিয়া ফরমালডিহাইডের ড্রামে রাখা প্রায় ২০৪ লিটার সয়াবিন তেল জনসমক্ষে ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার কিচেন মার্কেট ও মোহাম্মদপুরের কৃষি মার্কেটে খোলা সয়াবিন ও পাম তেল বিক্রির কার্যক্রম তদারকির সময় এসব অনিয়ম পাওয়া যায়।
অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী প্রোগ্রামার রিয়াদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। শিল্প মন্ত্রণালয়ের একটি প্রকল্পের আওতায় অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সমন্বয়ে এ তদারকি করা হয়।
কৃষি মার্কেটের মেসার্স সততা স্টোরে বিক্রির জন্য ইউরিয়া ফরমালডিহাইডের ড্রামে খোলা সয়াবিন তেল সংরক্ষণ করা হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ড্রামে থাকা আনুমানিক ২০৪ লিটার সয়াবিন তেল জনসমক্ষে বিনষ্ট করা হয়।
একই মার্কেটের হেলাল জেনারেল স্টোরেও অনিয়ম পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর ও অনিরাপদ ড্রামে খোলা সয়াবিন ও পাম তেল সংরক্ষণ করা হচ্ছিল। এ ছাড়া ড্রামের গায়ে তেলের নাম, প্যাকেজিংয়ের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্যসংবলিত লেবেল ছিল না। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
