দুবাই-দিল্লি ফেরত যাত্রীদের ব্যাগে স্বর্ণ-সিগারেট-ক্রিম, আটক ৫৫ লাখের পণ্য

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম ও পাঁচটি মোবাইল ফোন আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৯ আগস্ট) বিমানবন্দরে বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজে তল্লাশি চালিয়ে এসব পণ্য আটক করা হয় বলে জানিয়েছে সিআইআইডি।
সিআইআইডি সূত্র জানায়, দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটসের ইকে০৫৮২ ফ্লাইটের যাত্রী মেহেদী হাসানের ব্যাগেজ তল্লাশি করে ১৪৯ কার্টন সিগারেট ও ৪০ কেজি গৌরি ক্রিম উদ্ধার করা হয়।
একই ফ্লাইটের অপর যাত্রী মোহাম্মদ আব্দুল কাইয়ুমের ব্যাগেজ তল্লাশি করে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১০ কার্টন সিগারেট ও ৩ কেজি গৌরি ক্রিম পাওয়া যায়।
অন্যদিকে, দিল্লি থেকে আসা এয়ার ইন্ডিয়ার এআই২৩৭ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ নওয়াজ শরীফের ব্যাগেজ তল্লাশি করে ৭০ কেজি গৌরি ক্রিম ও চারটি স্মার্টফোন আটক করা হয়।
সিআইআইডি জানায়, সি-শিফটের অভিযানে বিভিন্ন যাত্রীর কাছ থেকে সব মিলিয়ে ৯৯ গ্রাম স্বর্ণালংকার, ১৮১ কার্টন সিগারেট, ১১৩ কেজি গৌরি ক্রিম এবং পাঁচটি মোবাইল ফোন আটক করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৫ লাখ ৭৪ হাজার ৫০০ টাকা।
সাম্প্রতিক সময়ে বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান প্রতিরোধে সিআইআইডির ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এসব পণ্য আটক করা হয়েছে। গোপন তথ্য, যাত্রী প্রোফাইলিং ও নিবিড় নজরদারির মাধ্যমে ঝুঁকিপূর্ণ ফ্লাইট ও যাত্রী শনাক্ত করে চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
