Advertisement

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের কোটি টাকা ছিনতাই, উদ্ধারের চেষ্টায় ডিবি

এশিয়া পোস্ট প্রতিবেদক
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের কোটি টাকা ছিনতাই, উদ্ধারের চেষ্টায় ডিবি
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দিতে নেওয়া ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সংস্থাটি জানিয়েছে, তদন্তে অগ্রগতি হচ্ছে এবং শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

Advertisement

বুধবার (১২ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এসব কথা বলেণ।

তিনি বলেন, আমরা সবাই এ ঘটনা নিয়ে কাজ করছি। বিভিন্ন দিক গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। আশা করছি, অচিরেই আসামিদের গ্রেপ্তার করা হবে।

তিনি আরও বলেন, ঢাকা মহানগরে সংঘটিত অধিকাংশ গুরুত্বপূর্ণ ঘটনার মতো এ ঘটনাটিরও সফল তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

গত ৯ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরায় র‍্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত টাকা বহনকারী গাড়ির গতিরোধ করে। পরে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তারা ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ডিএল পেট্রোল পাম্পের ম্যানেজার করিম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে ছিনতাই হওয়া অর্থ ডিএল পেট্রোল পাম্পের বলে উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, পাম্পটিতে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার লেনদেন হয়। প্রতি কর্মদিবসে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে বিক্রির অর্থ জমা দেওয়া হতো। তবে শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের অর্থ রোববার একসঙ্গে জমা দিতে নেওয়া হচ্ছিল। ফলে সেদিন টাকার পরিমাণ বেশি ছিল এবং সেই সময়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ডিএল প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে তাসীন আক্তার হক যুক্ত। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন, সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে।