কমলাপুরে যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে দেখা যায়, প্ল্যাটফর্মে থাকা অন্যান্য কোচের পাশে আগুনে পুড়তে থাকা কোচটি দাউদাউ করে জ্বলছে। চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। এতে স্টেশনে থাকা যাত্রী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন পাশের বগিতেও ছড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান বলেন, ‘কমলাপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে হঠাৎ আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা কোচটিতে আগুন দিয়েছে।
