logo

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা

রাজধানীতে গৃহবধূর আত্মহত্যা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলীর জুরাইন বাগানবাড়ি এলাকার একটি বাসায় সোনিয়া আক্তার নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১২ মে) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী মনির হোসেন জানান, তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালান। পারিবারিক বিষয় নিয়ে কলহের জেরে সোনিয়া (২৭) নিজ কক্ষের জানালার গ্রিলের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার মেরুল গ্রামে। সোনিয়া ছিলেন মো. সোহরাব মিয়ার মেয়ে। বর্তমানে তারা জুরাইন বাগানবাড়ি এলাকার ১৫২৯ নম্বর পাঁচতলা ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন।

মনির হোসেন বলেন, আমাদের কয়েক বছর আগে বিয়ে হয়েছে। আমাদের কোনো সন্তান নেই। আমার স্ত্রী প্রায়ই অসুস্থ থাকতেন। ডাক্তার ও কবিরাজ দেখিয়েছি, কিন্তু সুস্থ হয়ে উঠতে পারেননি। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।