logo

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা। তিনি বলেছেন, মাদক কারবারি, চাঁদাবাজ, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে গ্রেপ্তার নিশ্চিত করতে হবে।

বুধবার (১৭ জুন) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি থানায় মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারে জোরদার অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে থানাকে দালালমুক্ত রাখতে হবে এবং কোনো ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। তবে দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ কিংবা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আসন্ন পবিত্র আশুরার সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

সভা শেষে মে মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার।

অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ও অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. মাসুদ করিম এবং ডিএমপির সব থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।