logo

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভাবি ও ভাতিজিকে কুপিয়ে জখম

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভাবি ও ভাতিজিকে কুপিয়ে জখম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ভাবি ও তার শিশুকন্যাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় মা-মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৮ মে) দুপুর ২টার দিকে ফতুল্লা থানার গোরস্থান এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মোছা. জনুফা (২২) ও তার মেয়ে লামিয়া (৬)। জনুফা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন।

আহত জনুফার স্বামী আব্দুল মালেক জানান, দুপুরে বাসায় তার ছোট ভাই খালেক জনুফাকে কুপ্রস্তাব দেয়। এতে জনুফা রাজি না হলে খালেক ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বটি দিয়ে তার স্ত্রী ও মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, খবর পেয়ে বাসায় এসে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। বর্তমানে তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আব্দুল মালেক জানান, তাদের গ্রামের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ থানার তারাকান্দি এলাকায়। বর্তমানে তারা নারায়ণগঞ্জের ফতুল্লা গোরস্থান এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে আহত মা ও মেয়েকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, দেবরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ধারাল অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে জখম করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।