Advertisement

উত্তরায় মদের বারের পেছনে ২ ককটেল বিস্ফোরণ

এশিয়া পোস্ট প্রতিবেদক
উত্তরায় মদের বারের পেছনে ২ ককটেল বিস্ফোরণ
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি মদের বারের পেছনের সড়কে ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৭ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উত্তরার জসীমউদদীনের মার্গারিটা ও কিচেন হাউস মদের বারের পেছনের ২ নং সড়কে এ ঘটনা ঘটে।

জানতে চাইলে বারের সামনে অবস্থানরত লোকজন এশিয়া পোস্টকে বলেন, 'একটি মোটরসাইকেলে দুজন ব্যক্তি হেলমেট পরিহিত অবস্থায় বারের পাশে একটি এবং কিছু দূরে আরেকটি ককটেল মেরে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লোকজন। মদের বারে মদ খেয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটিয়েছে।'

ওই সড়কের নিরাপত্তাকর্মী মো. সুলতান আহমেদ এশিয়া পোস্টকে বলেন, 'প্রথমে একটা এবং ১০ মিনিট পরে আরেকটা বিকট শব্দ পাই। প্রথমটি শব্দটি মদের বার বিল্ডিংয়ের পাশে। আরেকটি সিয়াম টাওয়ারের সামনে।'

ককটেল বিস্ফোরণের পরপরই উত্তরা পশ্চিম থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে আলামত সংগ্রহ করে। তাদের সঙ্গে ছুটে আসেন উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান এবং উত্তরা জোনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আরিফুল ইসলাম।

তবে এটিকে আতশবাজি বলছেন এসি আরিফুল ইসলাম। তিনি এশিয়া পোস্টকে বলেন, 'মোটরসাইকেলে এসে দুটি আতশবাজি ফুটিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় সিসি টিভি ফুটেজ সংগ্রহের কাজ চলমান রয়েছে।'