‘আই ডোন্ট কেয়ার গ্রুপের’ প্রধান অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থেকে 'কব্জিকাটা গ্রুপ'-এর দ্বিতীয় প্রধান ও 'আই ডোন্ট কেয়ার গ্রুপ'-এর প্রধান আহমেদকে (২৫) বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২১ মে) রাতে র্যাব-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২০ মে) দিবাগত রাতে মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালিয়ে ‘কব্জিকাটা গ্রুপ’-এর দ্বিতীয় প্রধান ও ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’-এর প্রধান আহমেদকে একটি অবৈধ দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।
মেজর তাপস বলেন, আহমেদ ও তার অন্য সহযোগীরা রাজধানীর মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের বিভিন্ন জায়গায় অস্ত্র, মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ ছাড়া তারা বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
সে গ্রেপ্তারকৃত অস্ত্রধারী আসামি ‘কব্জিকাটা গ্রুপ’-এর দ্বিতীয় প্রধান ও ‘আই ডোন্ট কেয়ার গ্রুপ’-এর প্রধান বলে জানা যায়।
র্যাব কর্মকর্তা তাপস জানান, সিডিএমএস যাচাই ও বিভিন্ন সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।