logo

মিথ্যা বিজ্ঞাপনে পানির ফিল্টার বিক্রি, এক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

মিথ্যা বিজ্ঞাপনে পানির ফিল্টার বিক্রি, এক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: এশিয়া পোস্ট

মিথ্যা ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে পানির ফিল্টার বিক্রির অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরে ‘একুয়া সলিউশন লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালামের নেতৃত্বে মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়।

অভিযানে প্রতিষ্ঠানটির বাজারজাত করা পানির ফিল্টারের উৎপত্তির দেশ, গুণগত মান, পানি বিশুদ্ধকরণের সক্ষমতা এবং বিজ্ঞাপনে করা দাবির সত্যতা যাচাই করা হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি তাদের পানির ফিল্টারকে ‘তাইওয়ানের ফিল্টার’ ও ‘আমেরিকার ফিল্টার’ হিসেবে বাজারজাত করছিল। পাশাপাশি এসব ফিল্টার ব্যবহারে শতভাগ পানি বিশুদ্ধ হওয়ার নিশ্চয়তা দেওয়া হচ্ছিল। তবে এসব দাবির পক্ষে প্রয়োজনীয় প্রামাণ্য দলিল, পণ্যের উৎপত্তির দেশের নির্ভরযোগ্য প্রমাণ এবং পানি বিশুদ্ধকরণের সক্ষমতা-সংক্রান্ত পরীক্ষার প্রতিবেদন যাচাই করতে গিয়ে বিভিন্ন অসংগতি পাওয়া যায়।

পরে মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে পানির ফিল্টার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

অভিযানে ভোক্তাদের চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট না হয়ে পণ্য কেনার আগে এর উৎপত্তি, গুণগত মান ও কার্যকারিতা সম্পর্কে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া পণ্য কেনার সময় বিক্রেতার কাছ থেকে ক্রয় রসিদ সংগ্রহের আহ্বান জানানো হয়।

পণ্য কেনার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে।

ভোক্তা-প্রতারণা প্রতিরোধ এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।