logo
Advertisement

রাষ্ট্রপতির শপথ উপলক্ষে শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক

এশিয়া পোস্ট ডেস্ক
রাষ্ট্রপতির শপথ উপলক্ষে শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ছবি : সংগৃহীত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান উপলক্ষে আজ শুক্রবার (২১ আগস্ট) রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

Advertisement

আজ দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল বন্ধ ও নিয়ন্ত্রিত থাকবে বলে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নির্দেশনা অনুযায়ী, মতিঝিলের শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা হয়ে বঙ্গভবন রোড এবং রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে। শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলো দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব হয়ে চলাচল করবে।

প্রয়োজনে বাসগুলো অন্য কোনো সুবিধাজনক বিকল্প সড়কও ব্যবহার করতে পারবে। একই সময়ে দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।

এ ছাড়া হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব যানবাহন বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে দৈনিক বাংলা-শাপলা চত্বর রুট ব্যবহার করতে পারবে। বিকল্প হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল ক্রসিং-নাইটিঙ্গেল ক্রসিং-ফকিরাপুল ক্রসিং-ইত্তেফাক রুটেও চলাচল করতে পারবে।

নির্দেশনায় ডিএমপি জানায়, ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, নবনির্বাচিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যানবাহন নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এই ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বঙ্গভবনে আসা আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এসব নির্দেশনা প্রযোজ্য হবে না।

এ ছাড়া গাড়িচালকদের এসব সড়ক এড়িয়ে সম্ভব হলে বিকল্প ও সুবিধাজনক সড়ক ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ডিএমপি। ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়ক ও এলাকায় সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে আইনশৃঙ্খলা বাহিনীটি।