logo

শীর্ষ ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গুলিবিদ্ধসহ গ্রেপ্তার ৩

শীর্ষ ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গুলিবিদ্ধসহ গ্রেপ্তার ৩
গ্রেপ্তার ৩ আসামি। ছবি: ডিএমপি

রাজধানীর ধানমন্ডি এলাকায় একাধিক হত্যা ও ছিনতাই মামলার শীর্ষ আসামিদের গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় আত্মরক্ষার্থে গুলি চালালে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে তিনজনকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— মো. পলাশ সরকার ওরফে পলাশ (২৯), সাকিব সরকার ওরফে সাকিব (২০) এবং বিপ্লব হোসেন (৩১)।

সোমবার (১১ মে) সকাল আনুমানিক সাড়ে ৬টায় মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১২ মে) ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ধানমন্ডি থানার একটি মামলার সন্দেহভাজন আসামিরা মোহাম্মদপুরের টাউন হল এলাকায় অবস্থান করছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশের টহল দল সেখানে যৌথ অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় মো. পলাশ সরকার ওরফে পলাশ একটি চাইনিজ কুড়াল দিয়ে ধানমন্ডি থানার এসআই মো. সাইফুল আলমকে আঘাত করে। এতে তার বাম পায়ের হাঁটুর নিচে গুরুতর জখম হয়।

এদিকে গ্রেপ্তার সাকিব সরকার ওরফে সাকিব চাপাতি দিয়ে এসআই সাইফুল আলমকে হত্যার উদ্দেশ্যে কোপ দেওয়ার চেষ্টা করলে আত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড গুলি ছোড়ে। এতে সাকিবের বাম পায়ের কনিষ্ঠ আঙুলে গুলি লাগে।

এ সময় পলাশ এসআই সাফায়েদুর রহমানের ওপরও হামলা চালিয়ে কিল-ঘুষি মারে বলে জানিয়েছে পুলিশ।

পরে ধানমন্ডি ও মোহাম্মদপুর থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা কয়েকজন অজ্ঞাতনামা সহযোগী পালিয়ে যায়।

অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, দুটি ছুরি, একটি ফোল্ডিং ছুরি, একটি খেলনা পিস্তল, বিভিন্ন মডেলের আটটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তাররা শীর্ষ ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের মধ্যে মো. পলাশ সরকারের বিরুদ্ধে গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।