কোরবানির ঈদে ডিএনসিসিতে এবার বসছে ১২টি অস্থায়ী পশুর হাট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১২টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার ডিএনসিসির সম্পত্তি বিভাগ থেকে প্রকাশিত এক ইজারা বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্দিষ্ট শর্তসাপেক্ষে ইজারা কার্যক্রমের মাধ্যমে এই হাটগুলো পরিচালনা করা হবে। ইতোমধ্যে হাটগুলোর অবস্থান ও সরকারি মূল্য নির্ধারণ করে দরপত্র আহ্বান করেছে সিটি করপোরেশন।
ডিএনসিসির প্রধান প্রধান এলাকা ও খালি জায়গাগুলোতে এই হাটগুলো বসবে। তালিকাভুক্ত ১২টি স্থান হলো—খিলক্ষেত খাঁপাড়া সংলগ্ন এলাকার খালি জায়গা, মিরপুর সেকশন-৬-এর ওয়ার্ড নং-০৬ (ইস্টার্ন হাউজিং)-এর খালি জায়গা, মিরপুর কালশী বালুর মাঠ, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা, ১১নং ওয়ার্ডের মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন খালি জায়গা, ২০নং ওয়ার্ডের ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন খালি জায়গা, মোহাম্মদপুর বছিলা এলাকায় ৩০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নং সেক্টরের মধ্যবর্তী খালি জায়গা, ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা সংলগ্ন খালি জায়গা, ৪৪নং ওয়ার্ডের কাঁচকুড়া বাজারের খালি জায়গা, খিলক্ষেত ৪৩নং ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন খালি জায়গা এবং ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন অন্য একটি নির্দিষ্ট খালি জায়গা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইজারা পেতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আগামী ২৭ মের মধ্যে দরপত্র জমা দিতে হবে। ইজারার মেয়াদ থাকবে ঈদুল আজহার দিনসহ মোট ৫ দিন।
ডিএনসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, পশুর হাটের কারণে যাতে জনভোগান্তি না হয় এবং স্বাস্থ্যবিধি বজায় থাকে, সে বিষয়ে বিশেষ নজরদারি চালানো হবে। এছাড়া হাট সংলগ্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনার জন্য ইজারাদারদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদের দিন বিকেলের মধ্যেই সব বর্জ্য অপসারণ করে এলাকা পরিষ্কার করার কাজ শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও নির্ধারিত সরকারি মূল্যের ভিত্তিতে সর্বোচ্চ দরদাতার কাছে এই হাটগুলো ইজারা দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ যাতে সহজে এবং নির্বিঘ্নে পশু কেনাবেচা করতে পারে, সে লক্ষ্যে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করবে ডিএনসিসি।