logo

ধানমন্ডিতে বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

ধানমন্ডিতে বহুতল ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর ধানমন্ডিতে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মো. আল-মোকাব্বার অর্ণব ইসলাম (৩৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, শনিবার দুপুরে ধানমন্ডি থানাধীন ১১ নম্বর সড়কের ৩১ নম্বর বাসার ১১তলার ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে ভবনের ১-এ ও ১-বি ফ্ল্যাটের মাঝখানের ফাঁকা স্থানের কংক্রিটের ওপর থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রাজিব হোসেন বলেন, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, অর্ণব ইসলাম অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যান। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহত অর্ণব ইসলাম কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আকুবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন এবং পারিবারিক একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দেখাশোনার সঙ্গেও যুক্ত ছিলেন। বর্তমানে তিনি ধানমন্ডির ওই বাসায় বসবাস করতেন।