রাজধানীতে নির্মাণাধীন ভবনের মালামাল পড়ে শ্রমিক নিহত

রাজধানীর মোহাম্মদপুরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুর্ঘটনায় মো. রনি (২৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মালামাল ওপরে ওঠানোর সময় রশি ছিঁড়ে নিচে পড়ে তার মাথায় আঘাত লাগলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুরের আরশিনগর লাবনী লেক সিটি সংলগ্ন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।
সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় রনিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী আব্দুর রহমান জানান, সকালে ভবনের সপ্তম তলায় ঢালাইয়ের মালামাল তোলার সময় ব্যবহৃত ডাব্বরের রশি হঠাৎ ছিঁড়ে যায়। এতে ওপরে ওঠানো মালামাল নিচে পড়ে রনির মাথায় আঘাত করে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত রনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার লক্ষ্মীপুর গ্রামের মো. সাহেব আলীর ছেলে। তিনি কাজের সুবাদে মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।