খাদ্যে ভেজাল, খিলক্ষেতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানীর খিলক্ষেত বাজারে তিনটি রেস্টুরেন্টের আউটলেট ও কারখানায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অননুমোদিত রঙ ও নিষিদ্ধ ফ্লেভার ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এসব অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান।
অভিযানে দেখা যায়, রেস্টুরেন্টগুলো খাদ্য তৈরিতে অননুমোদিত রঙ ব্যবহার করছে। পাশাপাশি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ অননুমোদিত ফ্লেভারও ব্যবহার করা হচ্ছিল।
এ ছাড়া একটি ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে বোরহানি রাখা অবস্থায় পাওয়া যায়। ফলে খাদ্য সংরক্ষণ ও নিরাপত্তা-ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে।
অভিযানে অননুমোদিত রঙ ও ফ্লেভার দিয়ে প্রস্তুত করা খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
এ ধরনের অননুমোদিত উপাদান ব্যবহার করা খাবার গ্রহণ না করতে ভোক্তাদেরও সতর্ক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
খাদ্যপণ্যে অননুমোদিত রঙ ও নিষিদ্ধ ফ্লেভারের ব্যবহার এবং অনিরাপদভাবে খাদ্য সংরক্ষণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।