logo

যাত্রাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীকে গণধর্ষণ-হত্যা, আরেক আসামি গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
যাত্রাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীকে গণধর্ষণ-হত্যা, আরেক আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার উজ্জ্বল মিয়া। ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় উজ্জ্বল মিয়া (৪৫) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মামলায় মোট তিনজন আসামি গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ৪ মে সকাল ৮টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর বৌবাজার চৌরাস্তা এলাকায় অজ্ঞাতপরিচয় এক নারীকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রথমে মুগদা থানায় অপমৃত্যুর মামলা হয়।

পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহত নারীর পরিচয় শনাক্ত করা হয় এবং তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

যাত্রাবাড়ী থানা জানায়, গত ২১ মে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, একাধিক ব্যক্তি ওই নারীকে ধর্ষণ করেছে। বিষয়টি পরিবারকে জানানো হলে নিহত নারীর ছোট ভাই রাসেল ২২ মে যাত্রাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলা হওয়ার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তারা আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে উজ্জ্বল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।