ছুরিকাঘাতে আহত ক্যানসার হাসপাতালের উপপরিচালক ঢামেকে ভর্তি
রাজধানীর মহাখালী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেন (৫০)। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (২০ এপ্রিল) বিকেলের দিকে বনানী থানাধীন মহাখালীর ব্রাক ইউনিভার্সিটির সংলগ্ন পানির ট্যাংকির গলি এলাকায় এ ঘটনা ঘটে।
ডা. আহমদ হোসেনের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আহমদপুর বাজার এলাকায়। বর্তমানে তিনি মহাখালী হাসপাতাল মসজিদের সামনে ভাড়া বাসায় থাকেন।
স্থানীয়রা জানান, আহত অবস্থায় প্রথমে তাকে জাতীয় ক্যানসার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত ৯টার দিকে তাকে ঢামেকে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢামেকের পুরাতন ভবনের ভিআইপি ২ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।
ডা. আহমদ হোসেনকে হাসপাতালে নিয়ে আসা ওমর ফারুক জানান, অফিস শেষে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। স্বাস্থ্য অধিদফতরের পেছনের এলাকায় তিন থেকে চারজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।
তিনি আরও জানান, ডা. হোসেন প্রায় দুই মাস আগে জাতীয় ক্যানসার হাসপাতালে যোগদান করেন। এর আগে তিনি স্বাস্থ্য অধিদফতরের শৃঙ্খলা কমিটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহামেদ জানান, হামলায় ডা. হোসেনের হাত, বাম বাহু এবং পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি বর্তমানে শঙ্কামুক্ত।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। ভিআইপি কেবিনে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হামলার কারণ এবং জড়িতদের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।