Advertisement

নিকাহ রেজিস্ট্রারদের ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান

এশিয়া পোস্ট প্রতিবেদক
নিকাহ রেজিস্ট্রারদের ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান
ছবি: এশিয়া পোস্ট

নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার, মর্যাদা ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে ছয় দফা দাবি বাস্তবায়ন এবং বিদ্যমান অধিক্ষেত্র অক্ষুণ্ণ রাখার আহ্বান জানিয়েছে ‘বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি’।

Advertisement

ঢাকা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সংগঠনটির এক মানববন্ধনে জানানো হয়, সারাদেশের মুসলিম নিকাহ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে বিবাহ ও তালাক নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ ধর্মীয়, সামাজিক ও আইনগত দায়িত্ব নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করে আসছেন। এর মাধ্যমে নাগরিকদের পারিবারিক অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় নিবন্ধন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।

তবে বর্তমানে নিকাহ রেজিস্ট্রাররা বিভিন্ন প্রশাসনিক ও পেশাগত জটিলতার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে অধিক্ষেত্র সংকোচন, শূন্য পদে নিয়োগ জটিলতা, নিয়োগের ধারাবাহিকতা ব্যাহত হওয়া, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা ও আইনি সুরক্ষার অভাবে সার্বিক সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

এ অবস্থায় সংগঠনটি পেশাগত স্থিতিশীলতা ও সেবার মান বৃদ্ধিতে ছয় দফা দাবি তুলে ধরে।

দাবিগুলো হলো—

১. অধিক্ষেত্র সুরক্ষা: ২০০৯ সালের বিধি অনুযায়ী নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখতে হবে এবং অযৌক্তিকভাবে তা পরিবর্তন করা যাবে না।

২. শূন্য পদে স্থায়ী নিয়োগ: সারাদেশে নিকাহ রেজিস্ট্রারদের শূন্য পদগুলোতে বিধি মোতাবেক দ্রুত স্থায়ী নিয়োগ নিশ্চিত করতে হবে।

৩. যোগ্য সন্তানকে সরাসরি নিয়োগ: মৃত্যু বা অবসরের কারণে পদ শূন্য হলে নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের যোগ্য সন্তানকে সরাসরি নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে।

৪. শিক্ষকতা পেশায় নিয়োজিতদের সুরক্ষা: বিধি মোতাবেক দায়িত্ব পালনরত শিক্ষকতা পেশায় নিয়োজিত নিকাহ রেজিস্ট্রারদের বৈধ নিয়োগ বাতিল করা যাবে না।

৫. বয়সসীমা বৃদ্ধি ও আইনি সুরক্ষা: নিকাহ রেজিস্ট্রারদের সেবা প্রদানের বয়সসীমা ৭৫ বছর পর্যন্ত বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে মোবাইল কোর্টের বিধান বাতিলসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।

৬. শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ: বিবাহ ও তালাক নিবন্ধনের ধর্মীয় ও আইনগত গুরুত্ব বিবেচনায় নিকাহ রেজিস্ট্রারদের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা ‘কামিল পাস’ নির্ধারণ করতে হবে।

কল্যাণ সমিতির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এসব দাবি বাস্তবায়িত হলে নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত স্থিতিশীলতা আসবে এবং বিবাহ ও তালাক নিবন্ধন সেবা আরও সুশৃঙ্খল ও জনবান্ধব হবে।

মানবিক ও জনস্বার্থ বিবেচনায় এসব দাবি দ্রুত বাস্তবায়নে প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও আইন সচিবের সদয় হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।