logo

উত্তরায় ফলের আড়তে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৪

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
উত্তরায় ফলের আড়তে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৪
আব্দুল্লাহপুর ফলের আড়তের সামনে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। ছবি: এসআরবির সৌজন্যে

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুরের ফলের আড়তে চাঁদাবাজির সময় চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে আব্দুল্লাহপুর ফলের আড়তের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকার দোহার থানার নারিশা এলাকার মো. আল আমিন (২০), পটুয়াখালীর মির্জাগঞ্জের কাকরাবুনিয়া এলাকার মো. খোকন (৫৩), ময়মনসিংহের নান্দাইলের কুরাটি নতুন বাজার এলাকার মো. শাহিন মিয়া (৩২) এবং জামালপুরের দেওয়ানগঞ্জের খরমা ভাটিয়াপাড়া এলাকার রবিউল ইসলাম ওরফে রবিন (২০)।

এ বিষয়ে এসআরবি-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, আব্দুল্লাহপুরের ফলের আড়তে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থের ফল কেনা-বেচা হয়। সেখানে ফল বিক্রি ও কিনতে আসা ব্যক্তিদের কাছ থেকে নিয়মিত চাঁদা নেওয়ার অভিযোগ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজির সময় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১।