এডিস মশার লার্ভা পাওয়ায় রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা

রাজধানীর গুলশানে মশক নিধন ও ডেঙ্গুবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে একটি রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রেস্তোরাঁটির ভেতরে একটি বালতিতে এডিসের লার্ভা পাওয়ায় এই দণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার (২৪ জুন) গুলশান এলাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে আকস্মিক এই অভিযান চালানো হয়। পরিদর্শনকালে ওই রেস্তোরাঁটির ভেতরে অবহেলাবশত জমিয়ে রাখা একটি পানির বালতিতে এডিস মশার জীবন্ত লার্ভা দেখতে পায় অভিযান পরিচালনাকারী দল।
জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করায় এবং এডিস মশার বংশবৃদ্ধির পরিবেশ সৃষ্টি করার অপরাধে তাৎক্ষণিকভাবে রেস্তোরাঁ মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বহী মেজিস্ট্রেট।
প্রতিমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। নামিদামি রেস্তোরাঁ হোক কিংবা সাধারণ বাসাবাড়ি, যেখানেই এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেখানেই কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, লার্ভা ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়াতে এই ধরনের অভিযান আগামী দিনগুলোতেও ঢাকা শহরের বিভিন্ন এলাকায় জোরালোভাবে অব্যাহত থাকবে।





