ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত কয়েদির নাম মো. হারুন অর রশিদ (৬০)। তিনি রাজবাড়ী সদর থানার রসুলপুর গ্রামের মৃত হোসেন ভূঁইয়ার ছেলে।
তাকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মোহাম্মদ ইমন জানান, হারুন অর রশিদ রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন। রোববার দুপুর ২টার দিকে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে অন্যান্য কারারক্ষীদের সঙ্গে তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
