logo
Advertisement

বিমানবন্দরে ৭৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ দুজন গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
বিমানবন্দরে ৭৫ লাখ টাকার স্বর্ণালংকারসহ দুজন গ্রেপ্তার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্ধার স্বর্ণালংকার। ছবি: এশিয়া পোস্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ দুজনকে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তাররা হলেন, খায়রুল হাসান আকন (২৯) ও শেখ আরিফুল ইসলাম (৪৬)।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলার বাইরের গেট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রাতে এপিবিএন এ তথ্য জানিয়েছে।

এপিবিএন জানায়, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন খায়রুল হাসান আকন ও শেখ আরিফুল ইসলাম নামের ওই দুই ব্যক্তি। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে সুকৌশলে পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।

পরে তাদের শরীর তল্লাশি করে ২১ ক্যারেটের বিভিন্ন ধরনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার মোট ওজন ৪৭৫ দশমিক ৬ গ্রাম। এপিবিএনের হিসাবে এসব স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ ৬২ হাজার ৪০ টাকা।

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এপিবিএন জানায়, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে এসব স্বর্ণ বাংলাদেশে আনা হয়েছে। এ ছাড়া তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দর কেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫-ডি ধারায় অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট এপিবিএনের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালানসহ অন্যান্য অপরাধ দমনে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয়ভাবে কাজ করছে। স্বর্ণ ও মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।