logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু
রাজধানীর কাঁঠালবাগান এলাকা। ছবি: গুগল ম্যাপস

রাজধানীর কলাবাগানে কাঁঠালবাগানের একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লেগে দগ্ধ সানজিদা আক্তার (২০) নামে আরও এক নারী মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় ৩ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ ছিল।

Advertisement

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গ্যাস লিকেজ থেকে আগুন লাগার ঘটনায় দগ্ধ সানজিদা আক্তার চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৭টার দিকে মারা যান। তার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ ছিল। এর আগে দেড় বছরের শিশুসহ তার মায়ের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও ২ জন চিকিৎসাধীন।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর সকাল ৮টার দিকে কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের ৪র্থ তলায় এই বিস্ফোরণ ঘটে। এতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান মানিক (৩২), তার স্ত্রী ইফতি সাবা (২৫) ও এক বছর বয়সি ছেলে শিশু আরিস রহমান মাহাদ, পাশের রুমের ভাড়াটিয়া গ্রিন লাইফ নার্সিং কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী সানজিদা ইসলাম (২০) ও তার মা শামসুন্নাহার বেগম (৫২) দগ্ধ হন।