তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি মোশারফ’ গ্রেপ্তার

রাজধানীর রামপুরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসী মো. মোশারফ হোসেন ওরফে ‘পিচ্চি মোশারফ’কে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-৩।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে এ তথ্য জানিয়েছেন র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. মেহেদী ইমরান সিদ্দিকী।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার (২২ জুন) রাজধানীর রামপুরা থানার উত্তর মৌলভীরটেক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মোশারফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ৫৯০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৫ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ইউসুফ স্কুল রোড সেকেন্দারবাগ ফার্নিচার গলির ময়লার বস্তার পেছনের দেয়াল অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রিভলবারে মেইড ইন ইংল্যান্ড লেখা ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী বলেন, গ্রেপ্তার মোশারফের বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।






