রাজধানীতে পৃথক ঘটনায় ৩ মরদেহ উদ্ধার, ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

রাজধানীর বাড্ডা ও ভাটারার পৃথক তিনটি ঘটনায় দুই যুবক ও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে বাড্ডার সাতারকুলে এক যুবক ও ভাটারার ঢালীবাড়িতে আরেক যুবকের মরদেহ বাসা থেকে উদ্ধার করা হয়। অন্যদিকে, ভাটারার ছোলমাইদ এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া চকবাজারের পূর্ব ইসলামবাগে সাততলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলীফ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পৃথক এসব ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া তিনজনের মরদেহ বৃহস্পতিবার বিভিন্ন সময়ে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্কুলছাত্রের মরদেহও ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বাড্ডায় যুবকের মরদেহ উদ্ধার
বাড্ডার সাতারকুলের জিএম বাড়ি খালপাড় এলাকার একটি বাসা থেকে মো. সাগর (৩১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম খান জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে খবর পেয়ে সাতারকুলের খালপাড় এলাকার ৬/এ রোডের ৯ নম্বর বাসা থেকে সাগরের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, স্বজনদের কাছ থেকে জানা গেছে, সাগর দীর্ঘদিন ধরে বেকার ছিলেন এবং হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী আইরিন আক্তারের সঙ্গে তার মনোমালিন্য হয়। পরে তারা একই কক্ষে ঘুমাতে যান।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত আনুমানিক ৩টার দিকে সাগর ওই কক্ষের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন।
নিহত সাগর নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার মো. হারুনুর রশিদের ছেলে। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন।
ভাটারায় যুবকের মরদেহ উদ্ধার
অন্যদিকে, ভাটারার ঢালীবাড়ি কাঁচাবাজার-সংলগ্ন একটি বাসা থেকে মাহফুজুর রহমান ইমন (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসানুজ্জামান জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ওই বাসা থেকে ইমনের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ নিহতের বাবা মিজানুরের বরাতে জানায়, ইমন একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। তারা বাবা-ছেলে একই কক্ষে থাকতেন। ঘটনার সময় বাবা প্রয়োজনীয় কাজে ফোন করার জন্য কক্ষ থেকে বাইরে যান। পরে ফিরে এসে ইমনকে ঘরের চালের আড়ার সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।
ইমনের বাবা জানান, তার ছেলে কী কারণে এমন ঘটনা ঘটিয়েছেন, তা তিনি জানেন না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
ইমনের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগ থানার আহম্মেদপুর গ্রামে। তিনি বাবার সঙ্গে ভাটারার ঢালীবাড়ি কাঁচাবাজার-সংলগ্ন সিরাজুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন।
পুকুরে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ
ভাটারার ছোলমাইদ ঢালীবাড়ি এলাকার খানাস রেস্টুরেন্টের পেছনের একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় (প্রায় ৪৮ বছর বয়সী) এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম শাহ জানান, বুধবার বিকেল ৩টার দিকে খবর পেয়ে পুকুর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় এলাকায় ঘোরাফেরা করতেন। যেকোনো সময় পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
নিহতের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
চকবাজারে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
রাজধানীর চকবাজার থানাধীন পূর্ব ইসলামবাগ বউবাজার এলাকার একটি সাততলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলীফ (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আলীফের বাবা মো. কবির হোসেন জানান, তার ছেলে পূর্ব ইসলামবাগের আশরাফ আলী বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাসায় ফিরে বৃষ্টিতে ভিজে গোসল করতে ভবনের সাততলার ছাদে যায়। সেখানে গোসল করার সময় খেলতে গিয়ে ছাদ পিচ্ছিল থাকায় অসাবধানতাবশত দুই ভবনের মাঝের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
কবির হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার দুর্গাপুর গ্রামে। তারা পরিবার নিয়ে পূর্ব ইসলামবাগ বউবাজারের ৪৯/২ নম্বর বাসায় ভাড়া থাকেন। তিন সন্তানের মধ্যে আলীফ ছিল সবার ছোট।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আলীফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
