logo

খান সাইফুলকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু

খান সাইফুলকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু
অসুস্থ খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু। ছবি: এশিয়া পোস্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অসুস্থ খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ. ন. ম. মনোয়ারুল কাদির বিটু।

হাসপাতালে অবস্থানকালে ডা. বিটু সাইফুলের চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে তার বর্তমান শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা ও চিকিৎসার অগ্রগতি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি সাইফুলের পরবর্তী চিকিৎসা পরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ সম্পর্কে মেডিকেল বোর্ডের সম্মানিত সদস্যদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় খান সাইফুল তার চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীর আন্তরিক উদ্যোগ ও সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তার চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসক ও সংশ্লিষ্ট সবার প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানান।

গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে খান সাইফুলের অসুস্থতার বিষয়টি সামনে আসে। বিষয়টি অবগত হওয়ার পর থেকেই ডা. মনোয়ারুল কাদির বিটু তার চিকিৎসার সার্বিক অগ্রগতি সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখছেন এবং চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো ধারাবাহিকভাবে তদারকি করে আসছেন।

এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান, সহযোগী অধ্যাপক ডা. মাসুম আলী, আরপি ডা. মো. মাজহারুল ইসলামসহ মেডিকেল বোর্ডের সদস্য, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।