logo

এলিফ্যান্ট রোডে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

এলিফ্যান্ট রোডে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকায় গাছে উঠে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রনি (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেল সোয়া ৫টার দিকে বাটা সিগন্যাল মোড়-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রনি সেখানকার একটি জুতার দোকানের কর্মচারী ছিলেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী রাজু জানান, রনি ও তিনি বাটা সিগন্যাল মোড়ের একটি জুতার শোরুমে সেলসম্যান হিসেবে কাজ করতেন। বিকেলে শোরুমের পাশের একটি গাছে আম পাড়তে ওঠেন রনি। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।

তিনি আরও জানান, নিহত রনি রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।