হাতিরঝিল লেক থেকে পুলিশের খোয়া যাওয়া শটগান উদ্ধার

রাজধানীর হাতিরঝিল লেক থেকে পুলিশের খোয়া যাওয়া একটি শটগান উদ্ধার হয়েছে। হাতিরঝিল ডাব্লিউ ব্রীজ ও রামপুরা ব্রীজের মাঝে সুইস গেইটের সামনে থেকে শটগানটি উদ্ধার করা হয়।
উদ্ধারের পর সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে শটগানটি থানায় নিয়ে যায় পুলিশ।
পুলিশ জানায়, হাতিরঝিল লেকে দুপুর দুইটার দিকে হারিয়ে যাওয়া একটি ফোন খোঁজার জন্য ওই এলাকার সেলিম গাজী নামেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে সেলিম শটগানটি পান। তারপর খবর পেয়ে পুলিশ শটগানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শটগানটি কালো রংয়ের ছিল। সেটি ব্রাজিলের তৈরি। শটগানের গায়ে ‘5HR165440’ এবং ‘ST-12, BP-MTCL’ লেখা রয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, লেক থেকে একটি শটগান পাওয়া যায়। এটি ২০২৪ সালে অভ্যুত্থানের সময় পুলিশের খোয়া যাওয়া অস্ত্র। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।


