পল্লবীতে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীর মিরপুরের পল্লবীতে ভাড়াটিয়াদের মধ্যে বালতি রাখা নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে মো. আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে পল্লবী থানাধীন মিরপুর-৬, ৮ নম্বর রোডের আদর্শ স্কুলের পেছনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আনোয়ার হোসেন পেশায় একটি বুটিকসের কর্মচারী ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পাল্লা এলাকার মাইনুল রহমানের ছেলে। পরিবারের সঙ্গে মিরপুর-৬, ৮ নম্বর রোডের ১৪ নম্বর বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
আনোয়ারকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সাকিব জানান, রাত ৯টার দিকে বাসার পেছনে দুই ভাড়াটিয়ার মধ্যে বালতি রাখা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে এক ভাড়াটিয়া আনোয়ারকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আনোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
