পল্লবীতে ১৪ বছরের কিশোরী ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদকে (৫০) গ্রেপ্তার করেছে পল্লবী থানা-পুলিশ।
ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক পৌনে তিনটায় রাজধানীর পল্লবী থানাধীন থার্টিন হার্টস ক্যাম্প এলাকায় বাথরুম থেকে ফিরছিলেন ভুক্তভোগী। এ সময় আনোয়ার হোসেন সাঈদ ভুক্তভোগীর মুখ চেপে ধরে জোর করে নিজের ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় নিয়ে যায়। সেখানে ভুক্তভোগীকে মারধর ও মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণ করে। পরে তাকে বিবস্ত্র অবস্থায় কলপাড়ের পানির হাউজের মধ্যে ফেলে রেখে সে পালিয়ে যায়।
ওই দিন ভোরে স্থানীয় একজন অজু করতে গিয়ে পানির হাউজে অচেতন ও বিবস্ত্র অবস্থায় ভুক্তভোগীকে দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় আশপাশের লোকজন ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, স্থানীয়রা ঘটনার খবর পেয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন সাঈদকে আটক করেন। পরে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আনোয়ার হোসেন সাঈদ ভুক্তভোগীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। বিভিন্ন সময়ে খারাপ প্রস্তাব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।





