রাজধানীর দক্ষিণখানে নারীকে কুপিয়ে হত্যা

রাজধানীর দক্ষিণখানে মাদক কারবারকে কেন্দ্র করে সোনিয়া বেগম (৩৫) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণখানের জয়নাল মার্কেট সংলগ্ন ৮ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নিহত সোনিয়া বেগম দক্ষিণখানের ফায়দাবাদ গোলটেক এলাকার মো. হাসমত আলী ও হাক্কানী বেগমের মেয়ে।
এলাকাবাসী জানায়, মাদক কারবারকে কেন্দ্র করে অজ্ঞাতনামা কয়েকজন মাদক কারবারি সোনিয়া বেগমের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর রক্তাক্ত ও আহত হন।
পরে স্বজনেরা তাকে উদ্ধার করে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। তবে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই দক্ষিণখান থানা ও উত্তরা পূর্ব থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, রেলগেট সংলগ্ন আলফাত ওরফে ঠোঁট কাটা আলতাফ-এর বস্তির মাদক কারবারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে ডিএমপির দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফহিম উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, উত্তরা ৮ নম্বর সেক্টরের রেলগেট সংলগ্ন এলাকায় একটি মারামারির ঘটনা ঘটেছে। সেখান থেকে একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তিনি মারা গেছেন বলে শুনেছি।
ওসি ফহিম আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিস্তারিত জানার জন্য হাসপাতালেও পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
