logo

উত্তরায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

উত্তরায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় পোশাক শ্রমিক নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপালের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এয়ারপোর্ট এপিবিএন পুলিশ হেডকোয়ার্টারের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় মো. নুর আলম (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (৯ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. কাসিম মিয়া জানান, নুর আলম একটি সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করতেন। রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে এপিবিএন পুলিশ হেডকোয়ার্টারের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নুর আলমের গ্রামের বাড়ি শিবচর উপজেলার মোল্লাকান্দি এলাকায়। তিনি ইরফান আলীর ছেলে। বর্তমানে উত্তরার এয়ারপোর্ট এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।