logo

ঢাকায় ঈদের জামাতের বিস্তারিত জেনে নিন

ঢাকায় ঈদের জামাতের বিস্তারিত জেনে নিন
জাতীয় ঈদগাহ। ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে একাধিক জামাতের আয়োজন করা হয়েছে। জাতীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। আবহাওয়া প্রতিকূল হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত হবে।

ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার পাঁচটি ঈদের জামাত হবে। জামাতের সময় সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিট।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের দুটি জামাত হবে সকাল ৭টা ৩০ মিনিট ও ৮টা ৩০ মিনিটে। সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের মাঠে সকাল ৮টায় জামাত হবে।

রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে (আজাদ মসজিদ) পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত হবে। প্রথম জামাত সকাল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭ টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৯ টা ৩০ মিনিটে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত সকাল ৭টা ৩০ মিনিটে। এ ছাড়াও রাজধানীর শতাধিক ঈদগাহে এবং দেড় হাজারের বেশি মসজিদে ঈদ জামাতের আয়োজন থাকবে ঈদের দিন সকালে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

ঈদের প্রধান জামাত আয়োজনের জন্য রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন। এ উপলক্ষ্যে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ঈদ উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশন করা হবে বিশেষ খাবার।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা জানান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ইমামতি করবেন।