নিরাপদ সড়ক দিবসে রাজধানীতে বিআরটিএর রোড শো

জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনা হ্রাস ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে রোড শো ও সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল ১, ২, ৩ ও ৪-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে গাবতলী বাস টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়ক এবং কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে একযোগে প্রচারণা চালানো হয়।
প্রচারণাকালে বিআরটিএর কর্মকর্তা-কর্মচারীরা পথচারী, যাত্রী ও চালকদের মাঝে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা সংবলিত হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ করেন। পাশাপাশি হ্যান্ডমাইকের মাধ্যমে ট্রাফিক আইন মেনে চলা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধ করা, হেলমেট ব্যবহার ও সিটবেল্ট বাঁধার ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।
প্রচারণায় উপস্থিত ছিলেন বিআরটিএ ঢাকা বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ার) মো. মাসুদ আলম। এ সময় বিআরটিএর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও পরিবহন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মসূচিতে আরও অংশ নেন মোটরযান মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, রোভার স্কাউটের সদস্যবৃন্দ, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, 'নিরাপদ সড়ক চাই' (নিসচা) এবং 'নিরাপদ সড়ক আন্দোলন'-এর সদস্যরা।