Advertisement

মোহাম্মদপুরে পুলিশকে ছুরিকাঘাত, পিঠে ৪৩ সেলাই

এশিয়া পোস্ট প্রতিবেদক
মোহাম্মদপুরে পুলিশকে ছুরিকাঘাত, পিঠে ৪৩ সেলাই
ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

আহত কর্মকর্তা মো. ওসমান গনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকার ইমিগ্রেশন শাখায় কর্মরত।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তেজগাঁও বিভাগের (মোহাম্মদপুর-আদাবর) জোনের সহকারী পুলিশ সুপার (এসি) আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমে ঘটনার বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের ঘটনা বলে মনে হচ্ছে না। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে হামলাটি ঘটানো হয়ে থাকতে পারে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জানা গেছে, গত বুধবার সকাল ৮টা ৪৫ মিনিটে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি এসআই ওসমান গনির মোবাইল ফোনে যোগাযোগ করে তার বাসার গেটের সামনে পাসপোর্টসংক্রান্ত বিষয়ে কথা বলে। পরে বৃহস্পতিবার রাতে স্ত্রী তানজিনা সীমা ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার করে বাসায় ফিরছিলেন এসআই ওসমান গনি। বাসার কাছাকাছি পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত এক দুর্বৃত্ত তার ওপর হামলা চালায় এবং পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

আহত অবস্থাতেও তিনি হামলাকারীকে ধাওয়া করার চেষ্টা করেন। তবে তাকে আটক করা সম্ভব হয়নি। পরে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, হামলায় তার পিঠে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে এবং অন্তত ৪৩টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।