মিরপুরে চাঞ্চল্যকর ডাকাতি, প্রেপ্তার পাঁচ

রাজধানীর মিরপুরে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুর মডেল থানা ও ডিবি (সাইবার দক্ষিণ) বিভাগের যৌথ অভিযানে মিরপুর, আশুলিয়া ও সাভার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. মাসুদ মিয়া (৩১), মো. ইমরান হাওলাদার (২৯), মো. সুমন (৩৯), আনিছুর রহমান ওরফে নবী হোসেন (৪৫) ও সজীব (৩২)।
ডিবি ও থানা সূত্রে জানা যায়, গত ১০ মার্চ মিরপুর মডেল থানাধীন দক্ষিণ মনিপুর এলাকার একটি বাসায় এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা বাসায় প্রবেশ করে বাড়ির লোকজনকে মারধর করে হাত-পা বেঁধে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঘটনার পর থেকেই মিরপুর মডেল থানা পুলিশ ও ডিবির সাইবার দক্ষিণ বিভাগ ছায়াতদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গ্রাউন্ড সোর্সিং এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর বৃহস্পতিবার ঢাকার মিরপুর, আশুলিয়ার জিরাবো এবং সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। এই নির্দিষ্ট ডাকাতির মূল পরিকল্পনা করেছিল মাসুদ মিয়া। পরিকল্পনা অনুযায়ী তারা কাজীপাড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন বড় মসজিদের সামনে জড়ো হয়ে দক্ষিণ মনিপুরের ওই বাসায় হানা দেয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তার এবং মামলার সুষ্ঠু তদন্তে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।