ওয়াকিটকি হাতে যুবলীগকর্মী, আটকের পর জানা গেল একাধিক মামলার আসামি

রাজধানীর উত্তরায় সন্দেহজনকভাবে ওয়াকিটকি হাতে ঘোরাফেরার সময় ইকবাল খন্দকার (৪২) নামের এক যুবলীগকর্মীকে আটক করা হয়েছে। আটকের পর পুলিশ জানতে পারে সে একাধিক মামলার আসামি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানাধীন জসিমউদ্দিন-রাজলক্ষ্মীর মাঝামাঝি প্রিমিয়াম ব্যাংকের গলিতে তাকে আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর জানান, উত্তরা পশ্চিম থানার এসআই (নিরস্ত্র) জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্সসহ হোন্ডা মোবাইল-৯১ ডিউটিতে থাকাকালে ইকবাল খন্দকারকে ওয়াকিটকি হাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। পরে তাকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদের শুরুতে ইকবাল অসংলগ্ন তথ্য দেন। একপর্যায়ে তিনি নিজের নাম-ঠিকানা জানান। তার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার কলাবাগান এলাকায়।
ওসি খালিদ মুনসুর বলেন, ইকবাল নিজেকে নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। তার বাবা স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বলে তিনি পুলিশকে জানিয়েছেন।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি আরও জানান, ইকবাল খন্দকার নিজ এলাকায় বিভিন্ন ধর্তব্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ঢাকায় এসে আত্মগোপনে ছিলেন।
পুলিশের সিডিএমএস (ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনায় ইকবালের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর ও পানছড়ি থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। এসব মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮, ৩০৭, ৩২৫, ৩৮৫, ৪২৭, ৪৪৭, ৪৪৮, ৪৩৬, ৩৭৯, ৩৮০, ৫০৬ ও ৩৪সহ বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এর মধ্যে পানছড়ি থানার একটি মামলায় ২০২৫ সালের ৩০ নভেম্বর ৩৩ নম্বর চার্জশিট দাখিল করা হয়েছে বলেও জানান ওসি খালিদ মুনসুর।
আটক ইকবাল খন্দকারের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।


