ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে ১৯ লাখ টাকা ছিনতাই, ‘স্যুটার মহিন’ গ্রেপ্তার

এশিয়া পোস্ট প্রতিবেদক
ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে ১৯ লাখ টাকা ছিনতাই, ‘স্যুটার মহিন’ গ্রেপ্তার
প্রধান আসামি সাজেদুর রহমান মহিন। ছবি : সংগৃহীত

রাজধানীর কদমতলীতে লোহার ব্যবসায়ী হাসানের (৪৪) মাথায় পিস্তল ঠেকিয়ে ১৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামি সাজেদুর রহমান মহিন ওরফে ‘স্যুটার মহিন’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার (২ জুলাই) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) তপন সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা এলাকা থেকে বুধবার (১ জুলাই) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলা রয়েছে।

র‍্যাব-১০ এর এএসপি তপন সরকার জানান, গত ৬ মে বিকেল সাড়ে ৫টার দিকে কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ডের ঢাকা ম্যাচ রেললাইনের সংলগ্ন কাঁচা সড়কে পৌঁছালে প্রধান আসামি স্যুটার মহিনসহ কয়েকজন সহযোগী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে লোহার ব্যবসায়ী হাসানের পথরোধ করে। তারা তার মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করে নগদ ১৯ লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় হামলাকারীরা ভুক্তভোগীর প্রাইভেটকারও ভাঙচুর করে।

এ ঘটনায় ভুক্তভোগী হাসান কদমতলী থানায় হত্যা চেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পর র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।