উত্তরায় পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই, ৭ দিনের রিমান্ডে আসামি

রাজধানীর উত্তরায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে বুকে পিস্তল ঠেকিয়ে ডিএল ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজারের কাছ থেকে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার সাগর বাড়ৈকে (৪১) সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১৫ অগাস্ট) মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বক্কর এ তথ্য নিশ্চিত করে বলেন, শুনানিকালে আসামি পক্ষের আইনজীবী ছিল না। এই আসামির বিরুদ্ধে একই ধরনের আরও ৯টি মামলা রয়েছে।
এর আগে আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
ওই আবেদনে বলা হয়, সাগর বাড়ৈ তার সহযোগী অন্যান্য আসামিদের সঙ্গে মিলে পরস্পর যোগসাজশে ঢাকার শহরের বিভিন্ন জায়গায় ডাকাতি করে আসছিলেন। আসামির নাম-ঠিকানা সন্দিহান হওয়ায় যাচাই প্রক্রিয়ধীন আছে। আসামিকে মামলার ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে আন্তঃডাকাত চক্রের সক্রিয় সদস্য হওয়ায় বিভিন্ন কৌশল অবলম্বন করে এলোমেলো তথ্য দিয়েছে। সময়স্বল্পতার কারণে আসামিকে ঘটনার বিষয়ে ব্যাপক ও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। এ অবস্থায় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে মামলার ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ দশ দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট ডিএল ফিলিং স্টেশনের কর্মচারী সিএনজি অপারেটর সেলিমুজ্জামান এবং কাভার্ডভ্যান গাড়ির ড্রাইভার মো. খোরশেদকে নিয়ে প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে টাকা জমা দিতে যান। সকাল সাড়ে ১০টার দিকে কাভার্ডভ্যানটি ঢাকা-ময়মনসিংহ রোডের ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে তিনটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা ছয় থেকে সাতজন দুষ্কৃতকারী গাড়ির সামনে এসে গতি রোধ করে। এ সময় দুষ্কৃতকারীরা আল আমিনের বুকে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়, যার মধ্যে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিল।
এ ছাড়া দুষ্কৃতকারীরা আল-আমিনকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এই ঘটনায় বিমানবন্দর থানায় অজ্ঞাত ছয়-সাতজনের বিরুদ্ধে মৃত্যু বা গুরুতর আঘাতসহ ডাকাতির অভিযোগে মামলা করেন ডিএল ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল করিম।



