logo

ঈদযাত্রা ও পশুর হাট ঘিরে ডিএমপির বাড়তি নজরদারি

ঈদযাত্রা ও পশুর হাট ঘিরে ডিএমপির বাড়তি নজরদারি
কথা বলছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। ছবি: ডিএমপি

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত এবং রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি ও পশুর হাটকেন্দ্রিক অপরাধ ঠেকাতে মাঠে কাজ করছে পুলিশের বিশেষ টিম।

সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে রাজধানীজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পশুর হাট, বাস টার্মিনাল, ব্যাংক, ঈদের জামাত ও ছুটির সময়ে ফাঁকা হয়ে যাওয়া ঢাকার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্ধারিত প্রতিটি পশুর হাটে দৃশ্যমান পুলিশি উপস্থিতির পাশাপাশি সাব-কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় জাল নোট শনাক্তে প্রতিটি হাটে বিশেষ মেশিন রাখা হয়েছে। হাটগুলোতে মোবাইল ব্যাংকিং সুবিধাও রাখা হয়েছে।

মোসলেহ উদ্দিন আহমদ বলেন, জাল নোট চক্র, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা ঠেকাতে ডিবিসহ সাদা পোশাকের পুলিশের বিশেষ টিম ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। অধিক পরিমাণ নগদ অর্থ পরিবহনে মানি এসকর্ট সার্ভিসও চালু রয়েছে। পাশাপাশি অতিরিক্ত মোবাইল টিম, ফুট পেট্রোল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, পশুর হাটগুলোতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। গাবতলী, উত্তরা ও যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে। নির্ধারিত হাট ছাড়া অন্য কোথাও পশুবাহী ট্রাক থেকে জোরপূর্বক পশু নামানো ঠেকাতেও নজরদারি রাখা হচ্ছে।

ঈদযাত্রাকে নিরাপদ ও যানজটমুক্ত রাখতে বাস, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনগুলোতে পুলিশ কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং কমলাপুর রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি বলেন, যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহন ঠেকাতে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে ঢাকার প্রবেশ ও বের হওয়ার পথগুলো যানজটমুক্ত রাখার কাজ চলছে।

মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন ও যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি পশুর হাটের কারণে প্রধান সড়কে যানজট এড়াতে হাটের বাইরে রাস্তা বা ফুটপাতে পশু রাখতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।